BangladeshLaw & OrderNews

রাউজানে হিন্দুদের বাড়ীতে আগুন

মোহাম্মদ মোশাররফ হোসাইন, যুক্তরাজ্য থেকে

কাগজে কোন খবর দেখলাম না- রাউজানে হিন্দুদের কয়েকটি বাড়ীতে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেইসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে? বাইরে থেকে দরোজা আটকে দিয়ে গভীর রাতে কারো বাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার অর্থ কি? এটাতো কোন জটিল ধাঁধা নয়, এইটার অর্থ হচ্ছে যে ঐসব সন্ত্রাসীরা চেয়েছিল পরবারগুলিকে আগুনে পুড়ে হত্যা করতে। এইটা যে অনেক গুরুতর অপরাধ, খুবই ঘৃণ্য একটা অপরাধ সেটা তো আলাদা ক্রে বলার দরকার নাই। সাথে যুক্ত করেন ভিক্টিমদের ধর্মীয় পরিচয়- সবকটা বাড়ী হচ্ছে হিন্দুদের বাড়ী। এর মানে হচ্ছে যে কিছু লোকজন সুনির্দিষ্টভাবে হিন্দুদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছে।

এইধরনের অপরাধ নিতান্ত ব্যক্তিগতভাবে একজন দুইজন মানুষ ঘটিয়ে ফেলবে এটা আমি বিশ্বাস করি না। এইসব ঘটনা সাধারণত সঙ্গবদ্ধভাবে দল পাকিয়ে ঘটানো হয়। বাস্তবায়ন হয়তো দুই চারজন লোক মিলে করে কিন্তু পরিকল্পনা করা হয় দলবদ্ধভাবে। কিছু প্রভাবশালী লোকের পৃষ্ঠপোষকতা থাকে, ওরা টাকা পয়সা দেয়, সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং রাজনৈতিক সমর্থন যোগায়। রাজনৈতিক সমর্থনের পদ্ধতিটাও খুব অচেনা কিছু নয়। ঘটনা ঘটে যাওয়ার পর এরা বলতে থাকে যে না, এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এসব কোন সাম্প্রদায়িক ঘটনা নয় ইত্যাদি। দুই একজন যদি পুলিশের হাতে ধরা পড়ে, ওদেরকেও রক্ষা করে এরা।

ও ভাই, বেছে বেছে হিন্দুদের বাড়ীতে বাইরে থেকে দরোজা আটকে আগুন দেওয়া হবে আর আপনি বলবেন এটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয়! এইসবও কথা শুনলেই তো আমার মনে হয় যে এইসব লোক কি আমাদেরকে বেওকুফ মনে করে নাকি? দিপুকে যে হত্যা করা হয়েছে সেটাকেও কিছু লোক বলছে যে না, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। বটে! একদল লোক জড়ো হয়েছে এই হিন্দু যুবককে হত্যা করার জন্যে। পুলিশ যুবকটিকে তুলে দিল ঐসব সন্ত্রাসীদের হাতে। ওরা পিটিয়ে ছেলেটাকে হত্যা করে গাছে বেধে ঝুলিয়ে আগুন লাগিয়ে দিল। এতোগুলি মানুষ মুহুর্মুহু নারায়ে তকবির ইত্যাদি শ্লোগান দিতে লাগলো। সাম্প্রদায়িক ঘটনা নয়?

এইসব ঘটনা সবই সাম্প্রদায়িক সন্ত্রাস এবং পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাস। শহিদুলের বিবৃতি দেখেননি? বলে কিনা আওয়ামী লীগ ও ভারতের প্রতি ক্রোধ থেকে নাকি ক্ষুব্ধ মানুষ নাকি এইসব ঘটিয়েছে। অর্থাৎ এরা বাংলাদেশের হিন্দুদের সবাইকে আওয়ামী লীগ ও ভারতের প্রতিনিধি মনে করে এবং সেই কারণেই এরা হামলা করছে সর্বত্র। শহিদুলরা এটা সমর্থন করছে, এবং রাজনইতক সমর্থন যোগাচ্ছে। এটা বুঝতে তো খুব জ্ঞানী হতে হয় না। আর আপনারা, যাদেরকে এমনিতে আমরা অসাম্প্রদায়িক সেক্যুলার মনে করি, আপনারা মুখ বুজে থেকে এইসব সাম্প্রদায়িক সন্ত্রাসকে উৎসাহিত করছেন। দায় আপনাদেরও আছে।

আমি জানি হিন্দুয়ের উপর অত্যাচার হলে সেটার বিচার খুব একটা পাওয়া যায় না। পুলিশ যে খুব তৎপর হয়ে কাউকে গ্রেফতার রকবে, তদন্ত করবে বা বিচার করবে এইটা কেউ প্রত্যাশা করে না। তথাপি আমরা দাবী করে যাই, দাবী করেই যাবো, বিচার করেন। অপরাধীদের ধরেন, ওদের পৃষ্ঠপোষকদের ধরেন। তদন্ত করেন বিচার করেন। সাম্প্রদায়িক সন্ত্রাস আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে? রাষ্ট্র হিসাবে আমরা কি চরিত্রে পরিচিত হবো? আমাদের সন্তানদের জন্যে আমরা কি দেশ রেখে যাবো? মেহেরবানী করে সবাই একটু তৎপর হোন। সাম্প্রদায়িক সন্ত্রাস, সাম্প্রদায়িক রাজনীতি এইসবের বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলুন।