BangladeshOpinion

অশুভ শক্তির ভয়

মোহাম্মদ মোশাররফ হোসাইন, যুক্তরাজ্য থেকে

একটা বিচিত্র ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমাদের রাজনীতিবিদ ও ‘রাজনৈতিক বিশ্লেষক’ নামের যেসব লোকজন আছেন, এরা বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাঝে মাঝেই ডানপন্থী শক্তির উত্থানের ভয় দেখায়। কেউ এক মাত্রা বাড়িয়ে হয়তো উগ্র-ডানপন্থী নামেও এই অশুভ শক্তিটিতে চিহ্নিত করেন। আপনার কি মনে হয়, এই অশুভ শক্তিটিকে কেবল ডানপন্থী বা উগ্র-ডানপন্থী নামে চিহ্নিত করা ঠিক আছে? অধমের মতামত যদি জানতে চান, আমি বলবো যে, না, এইটা ভুল বর্ণনা, একধরনের অস্পষ্ট বর্ণনা। যারা এইসব শব্দ ব্যবহার করেন ওরাও জানেন এটা ভ্রান্ত বর্ণনা।

দেখেন, ডানপন্থী বা দক্ষিনপন্থী বললেই সকল ডানপন্থী রাজনীতির সঠিক পরিচয় স্পষ্ট হয় না। উদাহরণ দিই। জামায়াতে ইসলামী একটি দক্ষিনপন্থী দল, বিএনপিও একটি দক্ষিনপন্থী দল, এমনকি চূড়ান্ত বিচারে আওয়ামী লীগও একটি দক্ষিনপন্থী দলই। আপনি যদি ডান ও বাম দুই প্রান্তে রেখে একটি স্প্রেক্ট্রাম আঁকেন, এদের একেকদল সেই স্পেকট্রামে নানা জায়গায় থাকবে বটে, কিন্তু সকলেই মধ্যবিন্দু থেকে দান দিকেই থাকবে, কেউ চূড়ান্ত ডানের কাছাকাছি আর কেউ হয়তো মধ্যবিন্দুর কাছাকাছি। তাইলে কেবল ডানপন্থী বলে এই অপশক্তিকে কি আপনি ঠিকমত চিহ্নিত করতে পারছেন? না, এইটা সঠিক বর্ণনা নয়।

যে অশুভ শক্তিটির উত্থানে আপনি শঙ্কিত হচ্ছেন, ওদের মুল বৈশিষ্ট্যগুলি দেখেন আগে। প্রথমত এরা সাম্প্রদায়িক- মুসলিম সাম্প্রদায়িক। এরা রাষ্ট্রের সেক্যুলার বৈশিষ্ট্য চায় না। দ্বিতীয়ত, এরা অপরের কণ্ঠ রুদ্ধ করতে চায়, ওদের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে ওরা তার কণ্ঠ রুদ্ধ করতে চায়, দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এটা সেটা ছিঁড়ে ফেলতে চায়। তৃতীয়ত, এরা শক্তি প্রয়োগে কোন দ্বিধা করে না। এমনিতে তো মব করে লোকজনকে পেটানো, দল বেধে গিয়ে স্মারক ভাস্কর্য, স্মৃতি চিহ্ন, ম্যুরাল, অফিস বা অন্যান্য স্থাপনা ধ্বংস করা এইসব করছেই, নিতান্ত রাজনৈতিক ভিন্নমতের কারণে লোকজনকে কর্মচ্যুত করছে।

আর সাংস্কৃতিক দিক? সেটা তো আর বলে বুঝানোর কিছু নাই- কেবল ডানপন্থী বা উগ্র ডানপন্থী বললে কি এদেরকে ঠিকভাবে চিহ্নিত করা হয়? হয় না। বরং তাতে করে ওদের উগ্রতার ক্ষেত্রগুলিকে আড়াল করে সভ্য একটা চেহারা দেওয়া হয়। ডঃ কামাল হোসেন একজন ডানপন্থী রাজনীতিবিদ। আমেরিকার রিপাবলিকান পার্টি ডানপন্থী। এইসব উগ্র সন্ত্রাসীদেরকে আপনি কেবল ডানপন্থী বলে তো সভ্য শোভন রাজনৈতিক ক্যাম্পের অবয়ব দিচ্ছেন। এরা তো সেটা নয়।

যে শক্তিটির উত্থানকে আপনি দেশের জন্যে বিপদজনক বলে দেখাতে চাইছেন ওদেরকে সঠিকভাবে চিহ্নিত করেন। এরা হচ্ছে উগ্র ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী, অথবা বলতে পারেন রেডিক্যাল সাম্প্রদায়িক গোষ্ঠী, অথবা সেইরকম অন্য কোন নাম- নিতান্ত ভদ্র ডানপন্থী বললে বা উগ্র ডান বললে এদের সঠিক চারিত্র্য প্রকাশিত হয় না। এবং মনে রাখবেন, এইরকম যথযথ শব্দ ব্যবহার করা এটা নিতান্ত তুচ্ছ কোন ব্যাপার নয়, রাজনৈতিক সাহিত্যে তো বটেই, রাজনৈতিক মাঠেও যথাশব্দ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।